ইইউ কূটনীতিকদের বহিষ্কার রাশিয়ার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬

ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশের কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি ইস্যুতে নাক গলানোর কারণে এসব কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে মস্কো জানিয়েছে। রাশিয়ায় সফররত ইইউ পররাষ্ট্র নীতির প্রধানমন্ত্রী জোসেফ বোরেল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের পরই মস্কো জার্মানি, পোল্যান্ড ও সুইডেনের কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয়। খবর রয়টার্সের

গতকাল সংবাদ সম্মেলনে বোরেল দ্রুত নাভালনিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে নাভালনি একটা ছোট ইস্যু। তবে রাশিয়ার ওপর এই ইস্যুতে নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা সেই বিষয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে ইইউ। রুশ পররাষ্ট্রমন্ত্রী উলটো ইইউভুক্ত দেশে মানবাধিকার লংঘনের বিষয়ে অভিযোগ করেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এবং রাশিয়া এর মাধ্যমে আইনের শাসন থেকে আরো দূরে সরে গেল বলে উল্লেখ করেন। ব্রিটেনও এই বহিষ্কারের নিন্দা জানিয়েছে। পোল্যান্ডে নিযুক্ত রুশ কূটনীতিককে তলব করা হয়েছে। এদিকে নাভালনিকে চিকিত্সা দেওয়া চিকিত্সক সার্জেই ম্যাক্সিমিশিন নামের চিকিত্সক মারা গেছেন। ওমস্ক ইমারজেন্সি হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন। নাভালনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এই হাসপাতালেই ভর্তি করা হয়েছিল এবং সেসময় তার চিকিত্সার দায়িত্বে ছিলেন ম্যাক্সিমিশিন। এই চিকিত্সক মাত্র ৫৫ বছর বয়সে হঠাত্ করে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওমস্ক হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কারণ উল্লেখ করা হয়নি। অন্যদিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের এক প্রবীণ যোদ্ধাকে অপমাণ করায় নাভালনির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করা হচ্ছে।