অস্কার দৌড়ে বিদ্যা বালান!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৪

বিনোদন ডেস্ক

 

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর অস্কার। করোনার কারণে পিছিয়ে গেলেও আগামী ১৯ এপ্রিল বসবে একাডেমি অ্যাওয়ার্ডসের এই আসর। বছরের পর বছর ধরে এই পুরস্কার ছুঁতে চাওয়ার দৌড়ে সামিল হয়েছেন বিভিন্ন দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা। এবার দৌড়ে নিজের নাম লেখাচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সেরা শর্টফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে স্ক্রুওয়ালা প্রযোজিত ও বিদ্যা বালান অভিনীত ‘নটখট’ ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।

নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ‘নটখট’ অস্কারে যাওয়া নিয়ে ছবিটির একটি স্টিল ছবি শেয়ার করে বিদ্যা বালান লিখেছেন, ‘২০২১ সালের অস্কার দৌড়ে সামিল নটখট। আমি খুব উত্তেজিত। আশা করছি শেষ হাসি হাসবে নটখট।’  এছাড়া ছবিটির একটি ভিডিও ক্লিপও শেয়ার করেন তিনি। ক্লিপটিতে দেখা যাচ্ছে বিদ্যা বালান ও তার ছেলের মধ্যে বাক্য বিনিময় চলছে। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের ওপর অত্যাচারের কথা উঠে এসেছে সেই সংলাপে।

উল্লেখ্য, নটখট শর্টফিল্ম বিভাগে যাওয়া ছাড়াও এ বছর অস্কারে বিদেশি ভাষা বিভাগে ভারত থেকে অংশ নিচ্ছে ‘জালিকাট্টু’ নামের একটি ছবি। মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা ২৭টি ছবির মধ্যে থাকছে এটি।