হা হা হো হো

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪

এক গানের ব্যাপারীর এক গানের দল ছিল। একটা গানের খাতা দেখে সে আসরে গিয়ে গান গাইত, আর তার দলের লোকেরা তার গানের সাথে সাথে সুর ধরত। একদিন কোথা থেকে যেন এসে সে তাড়াতাড়ি এক জায়গায় গান গাইতে গেছে। সে ঠিক পায়নি যে তাড়াতাড়িতে সে আর একখানা খাতা নিয়েছে। এখন আসরে যেয়ে দাঁড়িয়ে খুব ভঙ্গি করে হাত নেড়ে গলাটা চোদ্দ পোয়া হাঁ করে গাইছে,—‘হিসাব শ্রী মধু মোড়ল’

তার দলের লোকেরাও হাত নেড়ে খুব চেঁচিয়ে সুর করে যো ধরলে—‘হিসাব শ্রী মধু মোড়ল’

সে আবার গাইল—‘সন ১৩৪৬ সাল’

দলের লোকেরাও সুর করে গাইল—‘সন ১৩৪৬ সাল’

সে আবার গাইল—‘তারিখ ২০ শে ফাল্গুন’

সকলে আবার গাইল—‘তারিখ ২০ শে ফাল্গুন’

সে আবার গাইল—‘গুজরাতে শ্রী বুধই মোড়ল’

সকলে সুর করে গাইল—‘গুজরাতে শ্রী বুধই মোড়ল’

তোমরা বুঝতে পারছ—বয়াতী সেদিন গানের খাতার বদলে একটা হিসাবের খাতা সঙ্গে নিয়েছিল।

সেদিন গানটা যা জমেছিল, তোমরা তা যদি শুনতে!

সূত্র :হাসির গল্প/শেখ হবিবর রহমান