পর্যটন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিত করার পরামর্শ টেলিকম মন্ত্রীর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

পর্যটকদের জন্য পর্যটন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিত করার পাশাপাশি মার্কেটিং ও গ্রুপ ট্র্যাকিংসহ বিভিন্ন বিষয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছেন, ‘পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় এক খাত। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য, এখানকার মানুষদের অতিথি পরায়নতা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক বিকাশে পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পর্যটকদের জন্য আধুনিক প্রযুক্তির সকল সুবিধা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক আগ্রহ তৈরি করবে।’

এসময় তিনি দেশের বিকাশমান পর্যটন শিল্পকে একটি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত উদ্যোগের পাশাপাশি ট্যুর অপারেটরদের যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

গত শনিবার ঢাকায় ওয়েবিনারে বেসরকারি ট্যুরিস্ট অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব ট্যুরিস্ট অপারেটর বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ট্যুরিজম বিকাশে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান মন্ত্রী।

টোয়াব সভাপতি মো. রাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দেব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাভেদ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বক্তারা, পর্যটন শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।