ঈশ্বরগঞ্জ-গৌরীপুর-নেত্রকোনা সড়ক
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনা পর্যন্ত নতুন আঞ্চলিক মহাসড়কের ওপর বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একাধিকবার লিখিত আবেদন করা হলেও খুঁটিগুলো অপসারণ করা হয়নি বলে জানান সংশ্লিষ্ট ঠিকাদার। এ অবস্থায় প্রায় অর্ধশত খুঁটি রেখেই সড়কের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ঠিকাদার। এতে সড়কটি চালু হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
নেত্রকোনা সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের নভেম্বর মাসে ২৬১ কোটি টাকা ব্যয়ে উল্লিখিত নতুন সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে এ সড়ক নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স (প্রাঃ) লিঃ, মেসার্স রিজভী কনস্ট্রাকশন ও মোজাহার এন্টারপ্রাইজ (প্রাঃ) জেভি। বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মতিউর রহমান জানান, রাস্তার মাঝখানে অনেক খুঁটি রেখেই সড়কের কাজ চলছে। দূর থেকে খুঁটিগুলো সহজে চোখেও পড়ে না। এতে দিনে-রাতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনায় হতাহতসহ প্রাণহানির আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, এ নির্মাণাধীন সড়কের মাঝখানে প্রায় অর্ধশত পল্লী বিদ্যুত্ ও পিডিবির বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন করতে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া রাস্তা ঘেঁষে রয়েছে আরো অনেক খুঁটি। এসব খুঁটি অপসারণ না করে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সড়কের ঠিকাদার হোসেন আহমেদ পান্না জানান, সড়কের মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবরে একাধিকবার আবেদনের পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও এখনো পর্যন্ত খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সড়কের কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে সড়কে খুঁটি রেখেই নির্মাণকাজ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, নির্মাণাধীন সড়কে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত অপসারণের জন্য নেত্রকোনা পিডিবি ও পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষের নিকট খুঁটি অপসারণের সার্বিক ব্যয়ের টাকা পরিশোধ করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহ পল্লী বিদুত্ সমিতিকেও খুঁটি অপসারণের টাকা পরিশোধ করা হয়েছে। ময়মনসিংহ পিডিবিকে খুঁটি অপসারণে এখনো কোনো টাকা পরিশোধ করা হয়নি। তিনি আরো জানান, যাদের খুঁটি অপসারণের টাকা পরিশোধ করা হয়েছে তারা এখনো তা করেনি। এতে সড়ক নির্মাণকাজে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম জানান, সড়কে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁটি অপসারণের জন্য কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুততর সময়ের মধ্যে রাস্তার বিদ্যুেতর খুঁটিগুলো অপসারণ করা হবে।
