দুই কিলোমিটার জুড়ে খানাখন্দ সরে গেছে দুই পাশের মাটি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫

সরাইল-অরুয়াইল সড়ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এলজিইডির অধীন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেছে। সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের কয়েক হাজার মানুষের। খানাখন্দ আর দুই পাশে মাটি সরে যাওয়ায় সড়কটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। জানা যায়, সরাইল-অরুয়াইল সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। দীর্ঘদিন অপেক্ষার পর গত অর্থবছরে এলজিইডির অর্থায়নে ঐ সড়কের সরাইল সদর থেকে চুন্টা ইউনিয়ন পর্যন্ত আট কিলোমিটার ও কালিশিমুল এলাকা থেকে অরুয়াইল ইউনিয়নের সীমানা পর্যন্ত চার কিলোমিটার কার্পেটিং করা হয়। সড়কের মাঝখানের হাওর এলাকা চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর গ্রাম থেকে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার আগের অবস্থায় থেকে যায়। বর্তমানে সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কয়েকজন সিএনজি অটোরিকশা চালক সড়ক নিয়ে তাদের দুর্ভোগের কথা জানান এই প্রতিবেদককে। ভুক্তভোগীরা জানান, রাস্তাটির অপরিকল্পিত সংস্কারের কারণে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে।

পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সড়কের মাঝখানের দুই কিলোমিটার জীর্ণ অবস্থার কারণে জনসাধারণের চলাচলে দুর্ভোগের শেষ নেই। তিনি আরো বলেন, আগামী বর্ষা মৌসুম আসার আগেই সড়কের ঐ অংশের কাজ সমাপ্ত করতে হবে; নইলে বর্ষার পানিতে সড়কটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, সরাইল-অরুয়াইল রাস্তাটি উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক। কিন্তু রাস্তার মাঝখানের প্রায় দুই কিলোমিটার সংস্কার না করায় লাখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অরুয়াইল ইউপি আওয়ামী লীগ সভাপতি আবু তালেব মিয়া জানান, বেহাল রাস্তায় জনদুর্ভোগের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। এলজিইডির সরাইল উপজেলা প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, সরাইল-অরুয়াইল রাস্তার প্রায় দুই কিলোমিটার সংস্কার কাজ বাকি রয়েছে। এটুকু ডিজাইন শিটে রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এ ব্যাপারে সব জানিয়েছি এবং সব পাঠিয়ে দিয়েছি। বিল পাশ হলে অতি শিগিগরই কাজ করানো হবে। এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, সরাইল-অরুয়াইল রাস্তার ব্যাপারে সব কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করছি বিল পাশ হলে আমরা কিছু দিনের মধ্যেই কাজ শুরু করতে পারব। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, সরাইল-অরুয়াইল রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কিছুদিন আগে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাস্তাটি পরিদর্শন করেছেন। দ্রুত সময়ে রাস্তাটির বাকি অংশের সংস্কার করা হবে।