কেরুর চাকরিচ্যুত শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দর্শনা কেরু চিনিকলের ৪২ জন চাকরিচ্যুত শ্রমিকরা শনিবার দর্শনা-মুজিবনগর সড়কের বাজার বটতলা নামক স্থানে মানববন্ধন করেছেন। চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। চাকরিচ্যুত শ্রমিক এহসানুল হক রাজিব, রেজাউল করিম, হারুন অর রশিদ লিখিত বক্তব্যে বলেন, আমরা দিন হাজিরায় চাকরি করে হলেও ১৫ থেকে ২০ বছর যাবত্ কোনোরকম সংসার চালিয়ে আসছিলাম। কিন্তু বর্তমানে চাকরি হারিয়ে এখন পথের ফকির। এদিকে কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তৈয়ব আলি ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান দর্শনা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন তারা সেটাপ বহির্ভূত অবস্থায় কাজ করে আসছিল। এখন বাদ পড়লেও তাদের কাজে বহাল করার চেষ্টা করা হচ্ছে। কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ সাহাব উদ্দীন জানান, সেটাপ বহির্ভূত ও দৈনিক হাজিরায় শ্রমিক নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ প্রয়োজন। এ বিষয়ে কেরু চিনিকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বীক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।