হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকা থেকে জার্মানের তৈরি এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও পিস্তলের দুটি স্ট্যান্ড জব্দ করা হয়েছে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এগুলো জব্দ করে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটু ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার দুপুর ১টার দিকে একটি অটোরিকশা হিলি থেকে বিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। অটোরিকশাটি ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের অধীনে বড়চড়া বিজিবি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা চালককে থামানোর সংকেত দেয়। এরপর অটোরিকশায় তল্লাশীকালে চালক দ্রুত পাশের একটি বাসে উঠে পালিয়ে যায়। পরে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও দুটি স্যান্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়ার রাইফেলের গুলি জার্মানের তৈরি। যার আনুমানিক মূল্য ৮১ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
