খুলনা অফিস
খুলনা মহানগরীর ১৩টি ও ৯ উপজেলায় তিনটি করে মোট ৪০টি কেন্দ্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। আজ রবিবার সকাল ১০টায় খুলনা মেডিক্যাল কলেজ কেন্দ্রে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রথমে ভ্যাকসিন গ্রহণ করে এ কার্যক্রম উদ্বোধন করবেন। খুলনা জেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রেস ব্রিফিংয়ে সিটি মেয়র বলেন, এখন পর্যন্ত যে পাঁচ শতাধিক ব্যক্তিকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তাই এ ভ্যাকসিনকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেসব্রিফিং এ খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ উপস্থিত ছিলেন।
