বড়লেখায় পৌঁছেছে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। শনিবার দুপুর দেড়টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। পরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এই ভ্যাকসিন গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে করোনার টিকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজ রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এজন্য টিকাদান কেন্দ্রগুলোতে করোনা ভাইরাসের টিকা ও সিরিঞ্জ পাঠানো হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের মেড্ডাস্থ জেলা ইপিআই ভবন থেকে টিকাগুলো বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রতিনিধিদের কাছে কোল্ড বাক্সে করে টিকাগুলো তুলে দেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।
সুনামগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদানে প্রস্তুতি সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের টিকাদান বুথগুলো পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। পরিদর্শন শেষে তিনি জানান, টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে চার জন স্বেচ্ছাসেবক ও দুইজন টিকাদান কর্মী নিয়োজিত থাকবেন। জেলা স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
করোনার টিকা প্রদানে প্রশিক্ষণ
নীলফামারী প্রতিনিধি করোনার টিকা প্রদানকারী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দ্বিতীয় দিনের মতো উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিকে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান চৌধুরী জানান, নীলফামারীতে ৬০ হাজার ভ্যাকসিন এসেছে। সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের কার্যক্রমও চলছে। জেলা কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, রবিবার নীলফামারীতে টিকা দেওয়া শুরু হবে।
শিক্ষক সমিতির শতবর্ষ উদ্যাপন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে স্বরূপকাঠিতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিক্ষক সমিতি স্বরূপকাঠি পূর্বাঞ্চল শাখার আয়োজনে সংগঠনের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্বরূপকাঠি শাখার সভাপতি প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল।
শিক্ষার্থীরা পেল বাইসাইকেল
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা শিশু পার্কে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল ও ১২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে এসব তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
ভূমি জরিপসংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণে মতবিনিময়
বরিশাল অফিস বরিশালে ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বতে এতে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ অহিদুজ্জামান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
