সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের চব্বিশতম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে মারা যান খায়রুল কবির। দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম আজীবন সদস্য ছিলেন তিনি।
ব্যাংকিং ক্ষেত্রে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এই ব্যাংকটি আগে ব্যাংক অব ত্রিপুরা আসাম অ্যান্ড বেঙ্গল নামে, পরিচিত ছিল। তিনি ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তানের তদানীন্তন পূর্ব পাকিস্তানের দায়িত্বে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ফেলো ছিলেন।
খায়রুল কবির বাংলাদেশের ঐতিহাসিক ৬ দফা কর্মসূচির অন্যতম প্রণেতা ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমান, খান আবদুস সবুর খান, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, তফাজ্জল হোসেন মানিক মিয়া, কাজী আনোয়ারুল হক, ড. মাহমুদ হোসেনের মতো দেশের বহু গুণী কৃতী সন্তানের অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী এবং বন্ধু ছিলেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য তার পৈতৃক বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
