চেন্নাইয়ে ইংল্যান্ডের রানপাহাড়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

ইতিহাস গড়লেন রুট

  স্পোর্টস ডেস্ক

চেন্নাই টেস্টে শিরোনামটা আরো একবার কেড়ে নিলেন জো রুট। অবশ্য প্রথম দিন শেষেই এর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রানের চাকা সচল রেখে দলকে এনে দিতে চান বড় পুঁজি। 

রুট ঠিকই তার কথা রাখলেন। তার ইতিহাস গড়া দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে চেন্নাই টেস্টে রান পাহাড় গড়েছে ইংল্যান্ড। টানা দুই দিন ভারতীয় বোলারদের খাটিয়ে স্কোর বোর্ডে ৮ উইকেটে ৫৫৫ রান জমা করেছে তারা। ৬০০ রানের আগে না থামার লক্ষ্য নিয়ে ইনিংস ঘোষণার কথা চিন্তাতেও আনেননি রুট। তাই ক্রিজে থাকা ডম বেস (২৮) ও জ্যাক লিচের (৬) ব্যাটে আজও দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড।

প্রথম দিনের মতো গতকালও ভারতকে পাত্তা দেননি রুট। নিজের শততম টেস্ট বলে কথা!  প্রথম দিনেই সেঞ্চুরি করে ঢুকে যান এলিট ক্লাবে। গতকাল সেটাকে নিজের পঞ্চম ডাবলে রূপ দিয়ে তৈরি করলেন নতুন ক্লাব। সেটাও রাজকীয়ভাবে। রবিচন্দ্রন অশ্বিনকে  ছক্কা মেরে বনে যান শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যান। তবে ডাবল সেঞ্চুরিকে খুব বেশি বড় করতে পারেননি রুট।  শাহবাদ নাদীমের ফাদে পা দিয়ে ৩৭৭ বলে ১৯ চার ও ২ ছয়ে ২১৮ রানে থামেন। ডম সিবলির পর রুটকে যোগ্য সঙ্গ দেন বেন স্টোকসও। চতুর্থ উইকেট জুটিতে ১২৪ রান তুলেন তারা। দ্রুত রান তুলে  স্টোকস দৌড়াচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু রুটের আগে সেই নাদীমের বলেই ১১৮ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮২ রানে ফেরেন তিনি। রুটের বিদায়ের মিডল অর্ডারদের সুবাদে ৫০০ পেরোয় সফরকারীরা। স্বাগতিকদের হয়ে নাদীম ছাড়াও দুটো করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ, অশ্বিন ও ইশান্ত শর্মা। দলকে ব্যাটিংয়ে নামাতে ইংল্যান্ডের বাকি দুটো উইকেটও দ্রুত তুলে নিতে চাইবেন তারা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৫৫৫/৮ ১৮০ ওভার (রুট ২১৮, স্টোকস ৮২, পোপ ৩৪, বাটলার ৩০, বেস ২৮*, লিচ ৬*; ইশান্ত ৫২-২, বুমরাহ ৮১-২, অশ্বিন ১৩২-২, নাদিম ১৬৭-২)