প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ :কর্নওয়াল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

সমীকরণটা খুবই সহজ। চট্টগ্রাম টেস্ট জিততে হলে আজ পঞ্চম ও শেষ দিনে ২৮৫ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। হাতে আছে ৭ উইকেট। ৩৯৫ রানের টার্গেটে খেলতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান।

ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিম কর্নওয়াল বলেছেন, পঞ্চম দিনের প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হবে। তবে শেষ দিনে ব্যাটিং করাটা সহজ হবে না মনে করেন তিনি। পঞ্চম দিনে উইন্ডিজ দলের টার্গেট সম্পর্কে জানতে চাইলে কর্নওয়াল গতকাল বলেছেন, ‘আমাদের দুজন সেট ব্যাটসম্যান আছে উইকেটে। কাল (আজ) তারা আবার শুরু করবে। প্রথম ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারলে তারপর সেশন বাই সেশন এগিয়ে যেতে হবে। দেখা যাক, আমরা কতদূর যেতে পারি।’ তবে সাগরিকার উইকেটে আজ ব্যাটিং করা কঠিন হবে, এমনটাই অফস্পিনার কর্নওয়ালের ধারণা। গতকাল তিনি বলেছেন, ‘আমি মনে করি না পঞ্চম দিনে এখানে ব্যাট করা সহজ হবে।’ মুমিনুল হকের সেঞ্চুরির প্রশংসা করেছেন দুই ইনিংসে ৫ উইকেট নেওয়া কর্নওয়াল। নিজের বোলিং নিয়ে তিনি বলেছেন, ‘এসব কন্ডিশনে, স্লো উইকেটে আপনাকে কিছুটা জোরে বোলিং করতে হবে। ব্যাটসম্যানের দুর্বলতা দেখতে হয় আমাকে। আমি যত সম্ভব ওপরে বোলিং করতে চেষ্টা করেছি। আমি তাদের সামনে খেলাতে চেষ্টা করেছি।’