স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলে বসুন্ধরা কিংসের খেলা মে মাসে। এএফসি বলেছিল বসুন্ধরা ভেন্যু নিতে চায় কি না। আগ্রহ থাকলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নাম জমা দিতে হবে। কিন্তু বসুন্ধরা কিংস ভেন্যু নিতে আগ্রহ দেখাচ্ছে না। ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন তারা এখনো এএফসিকে কিছু বলেননি। তবে জানিয়ে দেবেন তাদের অনাগ্রহের কথা। ভেন্যু কোথায় হবে তা নির্ধারণ করবে এএফসি।
ভারতের মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং বাংলাদেশের ক্লাব গ্রুপ পর্বে খেলবে। চতুর্থ দল আসবে নেপাল, শ্রীলঙ্কা কিংবা ভুটানের ক্লাব হতে। দক্ষিণ জোনের এই খেলা ১৪-২০ মে অনুষ্ঠিত হবে। এএফসি জানিয়েছে, গ্রুপ পর্বের খেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে না। সব খেলা একটা ভেন্যুতে হবে। এক ভেন্যুর খেলা আয়োজন করতে হলে করোনার মধ্যে এখন অনেক বেশি ঝক্কিঝামেলা পোহাতে হবে। খেলা আয়োজনের চেয়ে খেলার বাইরের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে।
বসুন্ধরা চাইছে ভবিষ্যতে তারা ভেন্যু নেবে। আন্তর্জাতিক ম্যাচ হবে নিজেদের মাঠে। আবাহনীকেও বাছাই খেলে গ্রুপ পর্বে ঢুকতে হবে। ১৪ এপ্রিল আবাহনীর ম্যাচ।
