সুপারকোপার সেমিতে পাওয়া হাঁটুর চোটের জন্য এবার ডাক্তারের ছুরির নিচে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের। স্প্যানিশ পত্রিকা মার্কার দেওয়া খবর অনুযায়ী, চোটের অবস্থা দেখে ক্লাব কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছে সার্জারি করার। সার্জারি শেষে সাত সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। যার মানে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে আটালান্টার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না তাকে। গত দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বাদ পড়েছে রিয়াল এবং এই দুই বারই দ্বিতীয় লেগে অনুপস্থিত ছিলেন রামোস। তার অনুপস্থিতিতে কীভাবে এবারের চ্যালেঞ্জ সামাল দিবে ম্যানেজার জিনেদিন জিদান, সেটাই এখন দেখার বিষয়। রামোসের অনুপস্থিতি অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের লা লিগার শিরোপা ধরে রাখার স্বপ্নকেও ভেঙে দিতে পারে।
