নারায়ণগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১০

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাগর সিদ্দিকী নামে ছাত্রদলের এক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে শহরের মাসদাইরে অবস্থিত একটি মিলনায়তনে ঐ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল ছাত্রদল, যুবদল ও অন্য সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠক হচ্ছিল।

বিকাল ৪টায় বৈঠকস্থলের বাইরে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির অনুগামীদের সঙ্গে ফতুল্লা থানা ছাত্রদলের বিদ্রোহী কমিটির সমন্বয়ক সাগর সিদ্দিকী ও তার সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এক পর্যায়ের রনির কর্মীরা সাগর সিদ্দিকীর ওপর হামলা চালায়। এতে সাগর সিদ্দিকী আহত হয়। ঐ সময়ে দুই পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পালটা ধাওয়া হয়। খবর পেয়ে জেলা বিএনপির নেতারা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে তৈমূর আলম খন্দকার জানান, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে ঝামেলা হতেই পারে। তবে যারাই হট্টগোল করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।