এশীয় নারী উদ্যোক্তা সম্মেলনে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
অর্থায়নের ঘাটতি নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন এ খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। গতকাল শনিবার দুই দিনব্যাপী এশিয়া নারী উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি নারী উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত ঋণের পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ঋণ ও মূলধনের অপর্যাপ্ততা তথা অর্থায়নের ঘাটতি নারী-উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা। কোভিড-১৯ ক্ষুদ্র উদ্যোক্তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নারী-উদ্যোক্তাদের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ আরো বেশি। এই ক্ষতি কাটিয়ে উঠতে নারী-উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত ঋণ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া দরকার।
বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’স, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘স্ট্র্যাটেজিজ টু রিকভার ফ্রম আ গ্লোবাল প্যান্ডেমিক : চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ফর উইমেন এন্টারপ্রেনারস—দ্য এশিয়া পারসপেক্টিভ’ শীর্ষক ঐ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
ভার্চুয়ালি অনুষ্ঠিত ঐ সম্মেলনে বক্তারা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, করোনা পরিস্থিতিতে অভিঘাত আরো বেড়ে যাওয়া এবং তা থেকে উত্তরণে তাদের পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ড. মাই আল কায়লা, বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব ডব্লিওআইসিসিআই এর সভাপতি মানতাশা আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
দুই দিনের সম্মেলনের আজ শেষ দিন বিকালে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্মেলনের স্ট্রাটেজিক পার্টনার এসএমই ফাউন্ডেশন।
