ইত্তেফাক রিপোর্ট
করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দানের দাবি জানিয়েছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)। এ ছাড়া তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের পাশাপাশি নিরাপদ কর্মস্থলেরও দাবি জানানো হয়। গতকাল শনিবার মিরপুর-২ নম্বরে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব দাবি জানান বক্তারা। এ সময় লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি নাহিদ আক্তার লাকী। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মামুন, সদস্য আওলাদ হোসেন, ফিরোজ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন। প্রতিদিন বাসা বাড়ি থেকে তারা ময়লা সংগ্রহ করছেন। শুধু গৃহস্থালির ময়লা নয়, মানুষের ব্যবহূত করোনাসামগ্রীও সংগ্রহ করে অপসারণ করছেন। এই কাজ করতে গিয়ে বেশ কয়েক জন কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। অথচ এই কর্মীদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।
