দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে আইভীকে বর্জনের ঘোষণা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩

রাজনৈতিক ইস্যুর পাশাপাশি এবার ধর্মীয় ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি। গতকাল শনিবার বিকালে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে বর্জনের ঘোষণা দিয়েছে হিন্দুসমাজ।

তারা অনতিবিলম্বে ক্ষমা চেয়ে শহরের দেওভোগ এলাকার জিউস পুকুর ফিরিয়ে দেওয়ার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান। মেয়র আইভীর বাড়ির মাত্র ৫০ গজ দূরে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় মেয়র আইভির বাড়ির আশপাশে।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন :নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, লিটন সাহা, নাজমুল আলম সজল, শফিউদ্দিন প্রধান, আব্দুল করিম বাবু, অ্যাডভোকেট খোকন সাহা, শাহ নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, মীর সোহেল আলীসহ বিভিন্ন পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

এর আগে গত শুক্রবার জেলা হেফাজতের আমির মাওলানা আব্দুল আওয়াল মেয়র আইভীর বিরুদ্ধে একাধিক মসজিদ ও মাদ্রাসার জায়গা দখলের অভিযোগ করেছিলেন।

নিম চন্দ্র ভৌমিক বলেন, নারায়ণগঞ্জ নগরী স্থাপনের সময়কালে শ্রী ভিকন লাল ঠাকুর শহরের দেওভোগ আখড়া এলাকায় দেবতা লক্ষ্মীনারায়ণের নামে ‘শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির’ প্রতিষ্ঠা করেন। মন্দিরটির পাশে পূজা-অর্চনা ও আশপাশের অধিবাসীদের সুবিধায় ৩৬৭ শতাংশ জমির ওপর একটি পুকুর খনন করান, যা স্থানীয়দের কাছে জিউস পুকুর নামে পরিচিত। কিন্তু আমাদের এই মন্দিরের সম্পত্তি এখন আইভী ও তার পরিবারের সম্পত্তি বলে রীতিমতো ‘খেয়ে’ ফেলার চক্রান্ত হচ্ছে।

নারায়ণঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘মন্দিরের সম্পত্তি দখলের বিষয়ে আইভীর বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় মেয়র আমার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন। তিনি আসলে দলীয় লেবাসে মসজিদ-মন্দিরের সম্পত্তি দখল করে দলের ক্ষতি করার এজেন্ডা বাস্তবায়ন করছেন।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল বলেন, ‘আপনি দলকে আর বিতকির্ত করবেন না। দলের নেতাকর্মীদের ধৈর্য্যের সীমা আছে।’

১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, ‘আমার এলাকায় বঙ্গবন্ধুর হাতে উদ্বোধনকৃত স্কুলটি ভাঙচুরের চেষ্টা করে মেয়রের লোকেরা।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি মহসিন মিয়া বলেন, জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবনও সম্প্রতি ভেঙে ফেলেছে সিটি করপোরেশন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল বলেন, শত শত বছরের ঐতিহ্যবাহী বন্দরের সোনা বিবি সড়কটির নাম বদলে দিয়েছেন মেয়র আইভী। শহরের বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়ে আইভী মসজিদের ও মন্দিরের জায়গা দখল করতে চাইছেন।

এসব প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান মোবাইল ফোনে বলেন, ‘আমরা এখন করোনা থেকে ঘুরে দাঁড়িয়েছি। দলীয় নেতাকর্মীরা ধৈর্য্য ধরে নীরব রয়েছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছি। এসব বিষয়ে সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে গণমাধ্যমকর্মীরা ফোন দিলেও তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানিয়ে দেন।’