মুমিনুলের সেঞ্চুরিতে জয়ের কাছাকাছি বাংলাদেশ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে রয়েছে বাংলাদেশ। গতকাল চতুর্থ দিন শেষে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে গেছে টাইগার বাহিনী। অধিনায়ক মুমিনুল হকের দশম সেঞ্চুরি, লিটন দাসের ষষ্ঠ হাফ সেঞ্চুরি এবং শেষ বেলায় মিরাজের ৩ উইকেট প্রাপ্তি বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে উজ্জ্বলতর করেছে। ম্যাচ জিততে আজ ক্যারিবিয়ানদের শেষ সাত ব্যাটসম্যানকে আউট করতে হবে।

ম্যাচ জেতার সুযোগ রয়েছে উইন্ডিজদেরও। তবে কাজটা বেশ কঠিন। আজ শেষ দিনে তাদের দরকার আরো ২৮৫ রান। হাতে আছে সাত উইকেট।

বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে গতকালই সেরা তিন ব্যাটসম্যান ক্যাম্পবেল, ব্র্যাথওয়েট ও শেন মোসলিকে হারিয়েছে সফরকারীরা। তিন জনকেই ফিরিয়েছেন মিরাজ। ক্যাম্পবেল ২৩, ব্র্যাথওয়েট ২০, মোসলি ১২ রান করেন। গতকাল ৩ উইকেটে ১১০ রান তুলে দিনের খেলা শেষ করেছে উইন্ডিজরা। কাইলি মেয়ার্স ৩৭ ও এনক্রুমা বনার ১৫ রানে অপরাজিত রয়েছেন। এর আগে ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

২১৮ রানের লিড এবং হাতে ৭ উইকেট নিয়ে গতকাল ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। দিনের ১০ম ওভারে মুশফিককে এলবির ফাঁদে ফেলেন কর্নওয়াল। মুশফিক ১৮ রান করেন। পঞ্চম উইকেটে লিটনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল। ৩২০ রানের লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।

লাঞ্চের পর ইনিংসের ৬১ তম ওভারে ক্যারিয়ারের ১০ম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। টপকে গেলেন ৯ সেঞ্চুরি করা তামিমকে। সেঞ্চুরির পাশাপাশি আরেকটি মাইলফলকও অর্জন করেন এ বাঁহাতি। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে তিনি তামিমের সঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডের মালিক হলেন।

মুমিনুলের সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে গিয়ে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে লিটন ফিরে যান ৬৯ রান করে। তাদের যুগলবন্দি থামে ১৩৩ রান যোগ করে। স্থায়ী হননি মুমিনুলও। ১০টি চারে ১১৫ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। তাইজুলের আউটের পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।