‘অসাবধানি’ ট্রাম্প গোয়েন্দা তথ্য পাবেন না :বাইডেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসাবধানী কথা-বার্তা বলেন। এই স্বভাবের জন্য অতি গোপনীয় গোয়েন্দা তথ্য তাকে দেওয়া উচিত হবে না বলে জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। বিবিসির খবরে বলা হয়েছে, সৌজন্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা ব্রিফিং পেয়ে থাকেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ট্রাম্পের ‘অসাবধানী’ আচরণের জন্য তাকে গোয়েন্দা তথ্য দেওয়া উচিত হবে না। আর আমার মনে হয় না যে, তার এই গোয়েন্দা তথ্য জানার প্রয়োজন রয়েছে। তিনি তথ্যের গোপনীয়তা বজায় রাখবেন সেটা বিশ্বাস করাও কঠিন। বাইডেন বলেন, তাকে (ট্রাম্পকে) গোয়েন্দা ব্রিফিং দিয়ে কী লাভ হবে? বরং তিনি মুখ ফসকে এসব বলে দিতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে গোয়েন্দা ব্রিফিং থেকে বাদ দেওয়া হচ্ছে।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির বেশ কিছু আইনপ্রণেতাও মনে করেন, আচরণের কারণেই ডোনাল্ড ট্রাম্প গোপন তথ্য পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন সময় বিরোধে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ছয় জন পরিচালককে সরিয়ে দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে তিনি ইসলামিক স্টেটের অভিযান নিয়ে অতি গোপনীয় তথ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফাঁস করে দেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, এই ঘটনায় প্রেসিডেন্ট বিশ্বাস ভঙ্গ করেছেন।

ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, গোয়েন্দা ব্রিফিং পাওয়ার জন্য কোনো অনুরোধ ট্রাম্পের পক্ষ থেকে করা হয়নি। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, এ ধরনের কোনো অনুরোধ আসলে বিবেচনা করে দেখা হতে পারে। প্রসঙ্গত, ট্রাম্প এখনো নির্বাচনের ফল মেনে নেননি। গত ৬ জানুয়ারি কংগ্রেসের ভবন ক্যাপিটলে সহিংস হামলার ঘটনায় উসকানির দায়ে প্রতিনিধি পরিষদে তিনি অভিংশসিত হয়েছেন। আগামী মঙ্গলবার থেকে সিনেটে তার অভিশংসন বিচার শুরু হতে যাচ্ছে।