এক সপ্তাহে শনাক্ত রোগী ১৩ শতাংশ কমেছে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯

দেশে করোনা ভাইরাসে সংক্রমণের গতি ধারাবাহিকভাবে কমছে। এক সপ্তাহে নতুন রোগী শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ কমেছে, মৃত্যুর হার কমেছে ২৬ দশমিক ৮৫ শতাংশ। দৈনিক শনাক্তের হারও ৩ শতাংশের নিচেই রয়েছে। এই সময়কালে নমুনা পরীক্ষাও ১ দশমিক শূন্য ২ শতাংশ কম হয়েছে। সুস্থতার হার বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। গতকাল শনিবার দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  গত সাত দিনে ৯৭ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার রোগী শনাক্ত হয়, মারা যায় ৭৯ জন। তার আগের সপ্তাহে ৯৮ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। মারা গিয়েছিল ১০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোর ৩ হাজার ২৩৩টি শয্যার মধ্যে ২ হাজার ৫৩টিই এখন খালি। ২৫৭টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ১৭৫টি। আর সারা দেশ মিলিয়ে হাসপাতালগুলোতে ১০ হাজার কোভিড-১৯ শয্যার মধ্যে প্রায় ৯ হাজারই খালি আছে, রোগী আছে প্রায় ১ হাজার শয্যায়। আর ৫৮২টি আইসিইউ শয্যার মধ্যে কোভিড-১৯ রোগী আছে ১৮৯টিতে, ৩৯৩টিই এখন খালি। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৩০৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০।

গত এক দিনে আট জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৯০। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০৬টি ল্যাবে ১২ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষিত নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার ৬০৮। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।