অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৯১ বছর বয়সি অস্কারজয়ী এই অভিনেতা। অভিনেতার স্ত্রী এলাইন টেলর জানিয়েছেন, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ক্রিস্টোফার। এরপরে অসুস্থ হয়ে মৃত্যু হয় তার।
৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘দ্য সাউন্ড অফ মিউজিক’-এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।
বিগত সাত দশক ধরে প্লামার শুধু সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও মাতিয়েছেন। তিনি ২০১২ সালে বিগিনারস চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন এবং ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন। ১৯২৯ সালে কানাডার এক ‘রাজকীয়’ পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার প্লামার। ‘রাজকীয়’ বলা হয় এ কারণেই, কেননা কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি তিনি। তিনি টরোন্টো শহরে বেড়ে ওঠেন। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষ ছিলেন।
‘দ্য সাউন্ড অব মিউজিক’ ছবির সেই ক্যাপ্টেনের কথা হয়তো সবার মনে আছে। কড়া আইনকানুন যিনি ঘরের ছেলেমেয়েদের ওপরই প্রয়োগ করেছিলেন। অস্ট্রিয়ায় নািস দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত সপরিবার দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।
১৯৯৯ সালে ‘দ্য ইনসাইডার’, ২০০১ সালে ‘আ বিউটিফুল মাইন্ড’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা। সবচেয়ে বেশি বয়সে অস্কার পাওয়ার রেকর্ড এখনো তারই দখলে।
