কালকিনিতে আসন্ন পৌরসভা নির্বাচনের এক স্বতন্ত্র মেয়র প্রার্থী গ্রেফতার হয়েছেন বলে তার কর্মী ও সমর্থকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। এর পরপরই তার কর্মী ও সমর্থকরা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফের কর্মী ও সমর্থকরা ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গতকাল শনিবার সন্ধ্যায় দফায় দফায় এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কোথায় আছেন তা নির্দিষ্ট করে জানা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমানকে গতকাল দুপুরে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তারপর থেকে তার কর্মী ও সমর্থকরা থানার সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে এস এম হানিফের কর্মী ও সমর্থকরা হাজির হন। এসময় থানা চত্ত্বরের সামনে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তবে কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, মসিউর রহমান সবুজ গ্রেফতার হননি। তিনি তার ব্যক্তিগত কাজে ঢাকায় গেছেন।
