বরিশালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মোশারেফ হোসেনের (৪৫) মৃত্যু হয় বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তার বাড়ি ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিয়াল বাড়ি এলাকায়। বরিশাল কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, গত বছরের ১০ নভেম্বর ভোলা কারাগারে মাদক মামলার আসামি হয়ে আসে মোশারেফ। গত ৪ জানুয়ারি হূদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলে শেবাচিম হাসপাতালের আইসিসিউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছাত্রদলের ঝটিকা মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা ঘোষণার প্রতিবাদ জানিয়ে বরিশালে ঝটিকা মিছিল করেছে সরকারি বিএম কলেজ ছাত্রদল। গতকাল নগরীর সদর রোডস্থ আগরপুর রোড থেকে মিছিল বের হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে বিএম কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট কাইউমের স্মরণ সভা অনুষ্ঠিত
শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আব্দুল কাইউমের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেসক্লাবে এ স্মরণ সভায় প্রতিথযশা সাংবাদিকের কর্মময় জীবনের কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন তার সান্নিধ্যে পাওয়া প্রেসক্লাবের প্রবীণ সদস্যরা। প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চালনায় বক্তৃব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, কার্যকরি পরিষদের সদস্য নুরুল আলম ফরিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. আনিসুর রহমান স্বপন প্রমুখ।
