সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

ইত্তেফাক ডেস্ক

সারা দেশে করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল : শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম করোনার টিকা নেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক মলিনা মন্ডল, শেবাচিম হাসপাতালের নাসিং সুপারিনটেনডেন্ট সেলিনা আক্তার।

পিরোজপুর : গতকাল করোনা টিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা হাসপাতালে টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

যশোর : সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রথম টিকা গ্রহণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

রংপুর : রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রথম টিকা গ্রহণ করেন।

কুমিল্লা : গতকাল সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিলেট : গতকাল সকালে সিলেট ওসমানী হাসপাতালের বুথে টিকা দেওয়া শুরু হয়। ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সিলেটে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

টাঙ্গাইল : জেনারেল হাসপাতালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি প্রথম টিকা গ্রহণ করেন।

সুনামগঞ্জ : টিকা কার্যক্রমের উদ্বোধনের পরে সদর হাসপাতালে টিকা নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পির ফজলুর রহমান মিসবাহ এমপি।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন দান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এ উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। রবিবার পর্যন্ত ৩৯২ জন রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে উদ্বোধনী দিনে ৫১ জন এ টিকা নেন।

ঝিনাইদহ : জেলায় প্রথম টিকা গ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

ভোলা (দক্ষিণ) : ভোলায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

হবিগঞ্জ : হবিগঞ্জে প্রথম করোনার টিকা নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

নরসিংদী : নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নিবারণ রায়।

নীলফামারী : জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেছমিন নাহার সেতুকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।

চাঁদপুর : চাঁদপুরে টিকাদান কার্যক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বাগেরহাট : বাগেরহাট সদর হাসপাতালে প্রথম করোনা টিকা নেন বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

গোপালগঞ্জ : জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে অতিরিক্তি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের শরীরে প্রথম করোনা টিকা প্রয়োগ করা হয়।

পঞ্চগড় : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনকে টিকা প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি : প্রথম টিকা গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

নড়াইল : নড়াইলে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।

নেত্রকোনা : টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

নাটোর : পুরুষ বুথে জেলার প্রথম টিকা গ্রহণ করেন হাসপাতালের সিনিয়র স্টাফ মোহাম্মদ আলী। এরপর মহিলা বুথে প্রথম টিকা গ্রহণ করেন হাসপাতালের স্টাফ নার্স কাকলী কস্তা।

পাবনা : জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান বুথে টিকা গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

রাঙ্গামাটি : রাঙ্গামাটি সদর হাসপাতালে একটি বুথে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়।

মাগুরা : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাগুরা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকাদানের এই কর্মসূচির উদ্বোধন করেন।

জয়পুরহাট : জেলা আধুনিক হাসপাতাল চত্বরে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ : প্রথম টিকা গ্রহণ করে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

ফরিদপুর : ফরিদপুর জেনারেল হাসপাতালে করোনার টিকা প্রদানে কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

কুড়িগ্রাম : জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে স্থাপিত টিকা দান বুথে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন।

বরগুনা (উত্তর) : বরগুনায় টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

মেহেরপুর : মেহেরপুরে দুপুর ১২টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ভার্চুয়ালি করোনার টিকা প্রয়োগের উদ্বোধন করেন।

এছাড়া চট্টগ্রামের মিরসরাই ও রাউজান, বরিশালের আগৈলঝাড়া ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের মুক্তাগাছা, নরসিংদীর বেলাব ও পলাশ, মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলউড়া, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, নেত্রকোনার মদন, দুর্গাপুর ও পূর্বধলা, নওগাঁর নিয়ামতপুর, ভোলার বোরহানউদ্দিন ও মনপুরা, ফরিদপুরের সালথা, নড়াইলের লোহাগড়া, বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ, লক্ষ্মীপুরের রামগঞ্জ, নীলফামারীর জলঢাকা, ডোমার, সৈয়দপুর ও কিশোরগঞ্জ, নাটোরের গুরুদাসপুর, টাঙ্গাইলের মির্জাপুর, গোপালপুর, নাগরপুর ও বাগাতিপাড়া, কুমিল্লার তিতাস, ফরিদপুরের সদরপুর, দিনাজপুরের ফুলবাড়ী ও কাহারোল, পাবনার আটঘরিয়া, ঝিনাইদহের মহেশপুর, জয়পুরহাটের কালাই, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, উলিপুর, চিলমারী ও রাজারহাট, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, পঞ্চগড়ের দেবীগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগর, নওগাঁর বদলগাছী, শরীয়তপুরের গোসাইরহাট, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, বগুড়ার শেরপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আখাউড়া, সুনামগঞ্জের ছাতক, সাতক্ষীরার তালা, গাইবান্ধার পলাশবাড়ী, মাগুরার শ্রীপুর, বরগুনার বামনা, পিরোজপুরের মঠবাড়িয়া, কিশোরগঞ্জের নিকলী, চাঁদপুরের কচুয়া, নোয়াখালীর সেনবাগ, নাটোরের গুরুদাসপুরে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।