ইনানীর পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার উপকূলীয় মোহাম্মদ শফির বিল এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, নির্বিচারে পাহাড় কাটার ফলে উপকূলবাসীর জানমালের নিরাপত্তাহীনতার পাশাপাশি পরিবেশের মারাত্মক অবনতি হচ্ছে। জালিয়াপালং ইউনিয়নের সৈকতসংলগ্ন এলজিইডি সড়ক ঘেঁষে উপকূল ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।  জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, ইনানী বন বিভাগের নৈতিক দায়িত্ব এলজিইডি সড়কসংলগ্ন এলাকার বিশালাকার পাহাড় রক্ষা করা। তা না হলে অদূর ভবিষ্যতে উপকূলীয় এলাকাবাসীকে জানমাল রক্ষায় দুর্যোগ ঝুঁকিতে অনিরাপদ বসবাস করতে হবে। এ বিষয়ে ইনানী বন রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন বলেন, ঐ মাটি কে বা কারা কর্তন করেছে তা তিনি জানেন না। উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, পাহাড় কাটা ও বালু উত্তোলনসহ পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকাণ্ড বন্ধে প্রশাসন সোচ্চার। উপকূলীয় এলাকার পাহাড় কাটার ঘটনাটি সরেজমিন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।