অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামবাসী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

চৌগাছায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ

আবু জাফর, চৌগাছা (যশোর) সংবাদদাতা

অনিয়মের অভিযোগে রবিবার কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। বিদ্যালয়টি চৌগাছা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মাণ করা হচ্ছিল। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের গ্রেটবিম ঢালাই সম্পন্ন হয়েছে। গ্রেডবিমের সেন্টারিংয়ের কাজের বাঁকা ও দুর্বল কাঠ ব্যবহার করায় গ্রেডবিম বাঁকা হয়ে রয়েছে। এছাড়া নিচের সাইডওয়ালে সেন্টারিংয়ের বিভিন্ন স্থানে সিমেন্ট, বালু, খোয়া পৌঁছায়নি। ফলে সেন্টারিংয়ের রড দেখা যাচ্ছে। একাধিক স্থানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল থেকে কাজের সাইডের শ্রমিকরা গ্রেডবিম ও তার নিচের সাইডওয়ালের সেন্টারিং খুলে তড়িঘড়ি করে মাটি ভরাটের চেষ্টা করছিল। স্কুল মাঠে খেলতে আসা ছেলেরা বিষয়টি দেখতে পায়। এসময় বাচ্চারা তাদের অভিভাবকদের খবর দিলে ঘটনা জানাজানি হয়। তখন গ্রামবাসী এসে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় ইউপি সদস্য বিল্টু মিয়া জানান, আমরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমানকে বিষয়টি জানিয়েছি। তিনিও বলেছেন কাজটি বন্ধ রাখতে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান জানান, শিডিউল অনুযায়ী কাজ না হওয়ায় এবং নিম্নমানের জিনিস দিয়ে কাজ করায় কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি।

এ বিষয়ে কাজের দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চৌগাছা উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান ফোনে বলেন, আমি অসুস্থ থাকায় অফিসে যেতে পারিনি। অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি। অস্বাভাবিক হলে কাজ বন্ধ রাখার কথা বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদেরকে বিদ্যালয়ের এ কাঠামো ভেঙে নতুন করে নির্মাণের জন্য নির্দেশনা দিয়েছি।