কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
কলারোয়া উপজেলায় একই রশিতে ঝুলন্ত দুই নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পুলিশ উপজেলার শ্রীপতিপুর গ্রামের আমগাছের ডাল থেকে ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করে। মৃত নারী ফাতেমা বেগম উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ আহসানের স্ত্রী এবং যুবক করিম পাড় শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, তদন্ত চলছে। যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। তবে গৃহবধূর মুখে ও গলায় আঁচড়ের দাগ রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
