জিদানের প্রত্যাবর্তনে রিয়ালের জয়
স্পোর্টস ডেস্ক
২-০ ও ৩-২ ম্যাচে দুই দুইবার এগিয়ে থেকেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে এভারটনের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-৩ গোলের শ্বাসরুদ্ধকর এই ড্রয়ের ফলে শিরোপার দোড়ে কিছুটা পিছিয়ে গেল ইউনাইটেড। ওদিকে ম্যানেজার জিনেদিন জিদানের প্রত্যাবর্তনের দিনে লা লিগায় হুয়েস্কার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
১৯৫৮ সালের মিউনিখ ট্র্যাজেডিতে হারানো বিদেহী আত্মাদের স্মরণ করে ওল্ড ট্রাফোর্ডে শুরু হওয়া এই ম্যাচে শুরুটা বেশ ভালোই করেছিল ব্রুনো ফার্নান্দেজরা। ২৫ মিনিটে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন এডিনসন কাভানি। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ এক বাঁকানো শটে এভারটন গোলকিপারকে পরাস্ত করেন ব্রুনো। ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া এভারটন বিরতির পরই জ্বলে উঠে। ৪৯ মিনিটে আব্দোল্লায়ি ডকুরে ও ৫২ মিনিটে হামেস রদ্রিগেজ গোল করলে নিমিষেই ম্যাচে ফিরে আসে কার্লো আনচেলত্তির দল। তবে ৭০ মিনিটে লুক শর ফ্রিকিকে মাথা লাগিয়ে ইউনাইটেডকে আবার এগিয়ে নিয়ে যান মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। ৩-২ ব্যবধান নিয়েই জয়ের দিকে এগুচ্ছিল ইউনাইটেড। কিন্তু নির্ধারিত সময় শেষে ৪ মিনিটের যোগ করার সময়ের একদম শেষ সেকেন্ডে এক ফ্রিকিকে পা ছুঁইয়ে গোল করেন এভারটন স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইন। যার ফলে ওল্ড ট্রাফোর্ড থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় মার্সিসাইডের দলটি। ড্রয়ের পরও দ্বিতীয় স্থানেই বহাল থাকছে ইউনাইটেড। হ্যারি কেইন ও সন হিউয়েঙ-মিনের গোলে রবিবার ওয়েস্ট ব্রম আলবিয়নকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
ওদিকে রাফায়েল ভারানের জোড়া গোলে লা লিগায় হুয়েস্কাকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। করোনা আক্রান্ত হয়ে দুই সপ্তাহ বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই আবার ডাগআউটে প্রত্যাবর্তন করেছেন ম্যানেজার জিনেদিন জিদান।
