রোনালদোর গোলে জয়ী জুভেন্তাস

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

আগের দিনই নিজের ৩৬তম জন্মদিন পালন করলেন। ৩৬ পেরিয়ে ৩৭-এ পা দেওয়ার দিনে ভক্তদের বলেছিলেন, বয়স হয়ে এলেও যতদিন খেলবেন ততদিন নিজের শতভাগ দিয়ে যাবেন। সেটা যে মিথ্যে প্রতিশ্রুতি ছিল না, তা শনিবারই প্রমাণ করলেন জুভেন্তাসের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিনে তার গোল ও রজার ইবানেজের আত্মঘাতী গোলে সিরি আ’য় রোমাকে ২-০ ব্যবধানে হারিয়েছে ‘তুরিনের বুড়িরা’। ম্যাচের ১৩তম মিনিটেই ডিবক্সের বাইরে থেকে নেওয়া মাটি কামড়ানো এক শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ডেজান কুলুসেভস্কির একটি ক্রস রোমা ডিফেন্ডার ইবানেজ ডা সিলভা নিজেদের জালে জড়িয়ে ফেললে পরাজয় নিশ্চিত হয়ে যায় রোমার। ২-০ ব্যবধানের এই জয়ে রোমাকে টপকে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাস।