ইত্তেফাক রিপোর্ট
পণ্য ক্রয়কালে ইলেক্ট্রনিক ব্যবস্থায় (ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি) লেনদেন তথা চালান গ্রহণে ক্রেতাদের আগ্রহ বাড়াতে লটারির ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই খাতের লটারি বিজয়ীদের আয়কর থেকে অব্যাহতি দিয়েছে এনবিআর। সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে এনবিআরের আয়কর বিভাগ। প্রতি মাসে ইএফডি এমএস (ইএফডি ম্যানেজমেন্ট সিস্টেম) এর মাধ্যমে সরবরাহ করা চালানোর মধ্য থেকে ১০১ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করছে এনবিআর। গত জানুয়ারির বিক্রয়ের সরবরাহ করা ইএফডি চালানের ওপর ইতিমধ্যে ৫ ফেব্রুয়ারি লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ১০১ জন বিজয়ী হয়েছেন। সাধারণ নিয়ম অনুযায়ী, লটারির অর্থ বিজয়ের ওপর ৩০ শতাংশ কর প্রদান করতে হয়। কিন্তু এনবিআরের এ আদেশের ফলে ইএফডি লটারি বিজয়ীদের কোনো কর দিতে হবে না।
