চার আসামির জামিন আটকে গেল আপিল বিভাগে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

লিবিয়ায় মানব পাচার

ইত্তেফাক রিপোর্ট

লিবিয়ায় মানব পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে অন্য দুই আসামির জামিন স্থগিত করে দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদেশে মানব পাচার মামলার আসামি শেখ মাহবুব ও শেখ সাহিদুরের জামিন বাতিল করা হয়েছে। আসামি কাউসার মুন্সী ও মাহবুব মুন্সীর জামিনাদেশ স্থগিত রাখা হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ শুনানি করেন।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ২৬ বাংলাদেশি মানব পাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরো ১১ বাংলাদেশি। ঐ ঘটনা দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ২ জুন রাতে রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি করে সিআইডি।