সাভারে স্কুলছাত্র রোহান হত্যা
ইত্তেফাক রিপোর্ট
সাভারে প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে স্কুলশিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার হোতা কিশোর গ্যাং লিডার হূদয়কে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার একটি রেস্টুরেন্টের সামনে স্কুলশিক্ষার্থী রোহানকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হূদয় ও তার বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত হূদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকার টেক এলাকার ঝন্টু মিয়ার ছেলে। সে এই গ্যাংয়ের দলনেতা বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই রাজু জানায়, প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যার হুমকি দিয়েছিল হূদয়। শনিবার সন্ধ্যায় রোহান তার তিন বন্ধুকে নিয়ে ব্যাংক কলোনি এলাকার একটি রেস্টুরেন্টের সামনে যাওয়ার পরই সেখানে আগে থেকে ওত পেতে থাকা কিশোর গ্যাং লিডার হূদয়, রাহিদ খান ও শুভসহ গ্যাংয়ের ২০ থেকে ৩০ জন সদস্য তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে বখাটে হূদয় স্কুলছাত্র রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় হূদয়কে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
