চুরির অভিযোগে মুক্তিযোদ্ধাকে নির্যাতন, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৯

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়নের জাওরানী এলাকায় গরু চুরির অভিযোগ তুলে আকবর আলী ধনী নামে এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে। ওই মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ঘটনাটি এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় মাতব্বরা। 

নির্যাতিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে  মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে নিজ বাড়ি থেকে চৌকিদার ও চেয়ারম্যানের উঠিয়ে নিয়ে আসে। এরপর চেয়ারম্যান ও চৌকিদার ওই মুক্তিযোদ্ধাকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হলে মুক্তিযোদ্ধার বাঁধন খুলে দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) মুক্তিযোদ্ধা আকবর আলী ধনী বাদী হয়ে চেয়ারম্যানের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে কেঁদে ফেলেন আকবর আলী ধনী বলেন, চেয়ারম্যান জোরপূর্বক আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে। আমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকি। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাকে কোন মারধর করা হয়নি। তার ছেলে গরু চোর সেজন্য তাকে ডাকা হয়েছিল।

নির্যাতনের বিষয়ে,  হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, রোবার সকালে অভিযোগ পাওয়া গেছে।  এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। 

লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, ঘটনাটি ওসির মুখে শুনেছি। এখন তদন্ত চলছে। 

 

ইত্তেফাক/এনএ