বাসচাপায় নিভে গেল মা ও দুই সন্তানের প্রাণ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশাযাত্রী স্কুলশিক্ষক মাসহ দুই সন্তান নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাযাত্রী স্কুলশিক্ষক মাসহ দুই সন্তান নিহত হয়েছেন। গতকাল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের পৌর এলাকার মিরপুর কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মিরপুর মহল্লার মাসুদুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফরাত জাহান রনি (৩৫), ছেলে আদি (১৪) ও মেয়ে সোয়াইয়া (৫)। গতকাল এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ গামী একটি বাস শহরের মিরপুর কালাচান মোড়ে পিছন থেকে রিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ইফরাত জাহান রুনি ও তার ছেলে আদি নিহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে মেয়ে সোয়াইয়া মারা যায়।

বদরগঞ্জ (রংপুর) : বদরগঞ্জে ট্রলির ইঞ্জিনের নিচে চাপা পড়ে ফিরোজ মিয়া (২২) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার মধুপুর ইউপির দক্ষিণ বাওচণ্ডি খিয়ারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রলিচালক ফিরোজ মিয়া দক্ষিণ বাওচণ্ডি ধর্মপুর (আউলিয়াগঞ্জ) গ্রামের কাইয়ুম মাস্টারের ছেলে।

শেরপুর (বগুড়া) : শেরপুরে গত শনিবার মোটরসাইকেলের ধাক্কায় রহিমা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত আছের আলীর স্ত্রী।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হোসেন ইমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাজৈর-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর গ্রামের আয়ুব আলী বেপারীর ছেলে।

পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া গ্রামের বাসিন্দা।