দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, ‘প্রত্যন্ত গ্রামেও শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। ভাণ্ডারিয়ার এই নিভৃত গ্রামের অর্থনীতির মূল ভিত্তি তথা মানুষের মুখ্য জীবিকা কৃষি হওয়ায় চাষাবাদ ব্যবস্থার আধুনিকায়নকে উপেক্ষা করা যাবে না। কৃষকের চাষ খরচ সাশ্রয় ও উত্পাদন বাড়াতে হবে।
তিনি গতকাল রবিবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের পোলেরহাট বাজারে জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনগুলোর এক কর্মিসভায় আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম, অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত। পাশাপাশি দক্ষিণাঞ্চলসহ ভাণ্ডারিয়ার মাটি ও মানুষের নেতা আনোয়ার হোসেন মঞ্জুসহ ষাটের দশকের ছাত্রনেতারা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছেন। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করেছেন। আনোয়ার হোসেন মঞ্জু এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য ৩৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে বলেই তিনি বারবার সংসদে নির্বাচিত হচ্ছেন, প্রায় দেড় যুগ ধরে একাধিক সরকারের মন্ত্রিসভায় সুনাম ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে তিনি যে আদর্শ, সদাচরণ, নিষ্ঠা তথা অনুকরণীয় চরিত্র লালন করছেন, বর্তমান প্রজন্ম যাতে তাদের জীবনে তার প্রতিফলন ঘটাতে পারে, সেজন্য সকলকে দায়িত্ব নিতে হবে। আজকে দেখা যায় অনেকে নব্য আওয়ামী লীগার সেজে রাতারাতি ধনী হয়ে যাচ্ছে। লুটপাট করা টাকা বিদেশেও পাচার করা হচ্ছে। এদের বিরুদ্ধে সকলের অবস্থান নেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি-জেপি বড় দল না হলেও এ দলের একটি সুনির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য তথা নিজস্ব নির্বাচনি প্রতীক রয়েছে। আমাদের নির্বাচনি মার্কা হচ্ছে ‘সাইকেল’। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনসমূহে আমাদের নিজস্ব মার্কা নিয়েই ভোট যুদ্ধ চালিয়ে যেতে হবে।
জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, যুব সংহতির উপজেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, আদর্শ কৃষক আবু বক্কর মাস্টার, স্থানীয় নেতাদের মধ্যে জেপি নেতা প্রবীণ সমাজসেবক আব্দুল মতিন মাস্টার, যুব সংহতির মো. মজিবুর রহমান, ইউপি সদস্য মো. হারুন অর রশিদ, মো. মজিবুর রহমান হাওলাদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আকতার, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. বদিউজ্জামান টিপু, যুগ্ম আহবায়ক মো. কাওসারুল ইসলাম মালকার, মো. হায়দার আলী হাওলাদার, জেপি নেতা শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. মনির সরদার, পৌর কাউন্সিলর মঞ্জু রানী সিংহ, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মো. মাহাবুব শরিফ শুভ প্রমুখ।
জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি তাসমিমা হোসেন দুপুরে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলায়’ কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি, যুবসংহতি, ছাত্রসমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কাউখালী উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুবসংহতির উপজেলা সভাপতি মো. জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু এবং ছাত্রসমাজের তারিকুল ইসলাম কাইয়ুম উপস্থিত ছিলেন। এছাড়া ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির নেত্রীদের সঙ্গেও মতবিনিময় কালে ইন্দুরকানী উপজেলা সভানেত্রী রাজিয়া সুলতানা রানীসহ আমেনা আক্তার, পারুল আক্তার ও অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নিতে ভাণ্ডারিয়া থানায় যান এবং নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাসসহ অন্যান্য পুলিশ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় ওসি ও থানা পুলিশের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
