দেশে গত এক দিনে ২৯২ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত প্রায় ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত বছরের ১৭ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ২৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। আর শনিবার ৩০৫ জন নতুন রোগী শনাক্তের খবর জানানো হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করে দেশে ২৯২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৩৫ শতাংশে, যা এপ্রিলের পর সবচেয়ে কম। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে, তাতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৮ হাজার ২০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০৬টি ল্যাবে ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ১৮ হাজার ১৪৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৮৬৩টি।
