মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে গতকাল রবিবার। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। তারা সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে এবং নেত্রী অং সান সু চির মুক্তি দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের
ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও মিয়ানমারে সামরিক শাসন ও দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অন সান সুচির মুক্তির দাবিতে লাখ লাখ জনগণ মিয়ানমারের বিভিন্ন শহরে গতকাল বিক্ষোভে অংশ নেয়। দেশের সর্ববৃহত্ শহর ইয়াংগুনে ক্ষোভ প্রকাশ করে জনতা ধ্বনি তোলে, ‘সামরিক শাসকের পতন হোক’, ‘গণতন্ত্রের বিজয় হোক’। এছাড়াও বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘সামরিক স্বৈরশাসকের বিরোধিতা কর’। বহু প্রতিবাদকারী সু চির এনএলডি দলের লাল রং সংবলিত জামা পরিধান করেছিলেন। গতকাল সকালের পরই ইয়াংগুন, মান্দালে, উপকূলীয় শহর মাবলামিয়েন শহরে বিক্ষোভ শুরু হয়। কারেন প্রদেশের পায়াথনজু শহরে থানার কাছে সারারাত কয়েকশ ক্যাম্প স্থাপন করে বিক্ষোভ করা হয়। গ্রেফতার এড়াতে অনেক এনএলডি নেতা এসব ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তারা গণতন্ত্রের পক্ষে এবং সেনা শাসনের বিরুদ্ধে স্লোগান দেন। হেতেট থার নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা জানি এই বিক্ষোভ বিপজ্জনক। কিন্তু আমাদের নেত্রী সু চি এবং প্রেসিডেন্ট মুক্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। মায়াদ্দি শহরে বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
