লালমনিরহাটে গরু চুরির অপরাধে বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে আকবর আলী ধনী নামে এক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে। এর আগেও ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ঐ চেয়ারম্যানের বাড়িতে এক যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। স্থানীয় মাতব্বরা মুক্তিযোদ্ধা নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে ভেলাগুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর আলী ধনীকে জাওরানী গ্রামের নিজ বাড়ি থেকে চেয়ারম্যান তার বাসায় তুলে নিয়ে যান। এরপর চেয়ারম্যান ও চৌকিদার ঐ মুক্তিযোদ্ধাকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হলে মুক্তিযোদ্ধার বাঁধন খুলে দেওয়া হয়।

এ ঘটনার বর্ণনা দিয়ে আকবর আলী ধনী বলেন, চেয়ারম্যান ও চৌকিদার জোরপূর্বক আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। আমি এর সঠিক বিচার চাই। এছাড়া লালমনিরহাট জেলা গেরিলা লিডার শফিকুল ইসলাম কানুও এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাকে কোনো মারধর করা হয়নি। তার  ছেলে গরু চোর সেজন্য তাকে ডাকা হয়েছিল।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, রোববার সকালে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।