দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (এসএমই) বেশির ভাগই কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, তাদের এই ক্ষতি কাটিয়ে অর্থনীতির মূলধারায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের ৯৮ শতাংশের বেশি প্রতিষ্ঠানই ক্ষুদ্র ও মাঝারি। অথচ তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের পরিমাণ পর্যাপ্ত নয়। ঋণের বিপরীতে সুদের হারও অনেক বেশি। গতকাল রবিবার অনলাইনে আয়োজিত এশীয় নারী উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাও প্রয়োজন। অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস বাংলাদেশ (এএফডিবি)-এর সভাপতি মানতাশা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। দুই দিনের ঐ সম্মেলন শুরু হয়েছিল গত শনিবার।
