ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি আরব সরকারের অনুদানে নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে একটি বিশেষ উদ্যাপন কমিটি গঠনের কথা জানান তিনি। তিনি বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমদকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে সদস্যসচিব করে ৫০ সদস্যবিশিষ্ট একটি উদ্যাপন কমিটি করা হয়েছে। করোনা ভাইরাসের টিকা উপহার দেওয়ার জন্য তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান।
