বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৭

গতকাল দেশের কয়েকটি স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। সকাল থেকে খুলনা, যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। যশোরে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, আকাশে মেঘ জমার কারণে খুলনা, যশোর, কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় সকালে বৃষ্টি হয়েছে। যা দুই-এক ঘণ্টা থেকে কমে যায়। খুলনায় সকাল ৮টায় শুরু হওয়া বৃষ্টি সকাল ৯টা পর্যন্ত ১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজও এই ধরনের আবহাওয়া থাকবে। এরপর আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে তাপমাত্রা। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৭, ময়মনসিংহে ১৪,  চট্টগ্রামে ১৫.৪, সিলেটে ১৪.৬, রাজশাহীতেও ১২.৮, রংপুরে ১২.৮, খুলনায় ১৬ এবং বরিশালে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকাল।