চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার ইভিএম পদ্ধতিতে এই পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।
আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল। বিদ্রোহী হিসেবে রয়েছেন সাবেক পৌর মেয়র মো. নূরুল হক ভুঁইয়া, যুবলীগ কর্মী মো. শফিকুল ইসলাম। বিএনপি থেকে একক প্রার্থী হলেন সাবেক সহসভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে।
নির্বাচনে বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। অন্যদিকে বিভক্তি ও দলীয় কোন্দলের কারণে বিএনপি প্রার্থী একেবারেই স্বস্তিতে নেই।
নির্বাচনি মাঠে দুই জন বিদ্রোহী প্রার্থী থাকলেও আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা জয়ের ব্যাপারে আশাবাদী। এছাড়া আওয়ামী লীগের প্রধান বিদ্রোহী প্রার্থী মোবারক হোসেন রতন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নরসিংদীতে লড়াই হবে ত্রিমুখী
নরসিংদী প্রতিনিধি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। তবে এবার নরসিংদী পৌরসভায় নির্বাচন হবে ত্রিমুখী। আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্চু, স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুম এবং বিএনপি মনোনীত হারুন অর রশিদের মধ্যে এ লড়াই হবে।
নরসিংদী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম (মোবাইল ফোন), বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আসাদুল হক হামিদ (হাত পাখা)।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৪০টি ভোট কেন্দ্রে ২৭৮টি স্থায়ী এবং অস্থায়ী আটটি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএএম
