গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দুর্নীতি বাড়ছে: জি এম কাদের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৫

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে। বিশ্ব সংস্থাগুলোর মানদণ্ডে যখন বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত করা হয় তা জাতির জন্য লজ্জাজনক।

এমন সংবাদে বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে যায়। তিনি গতকাল রবিবার তার কার্যালয় মিলনায়তনে পার্টির অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, জাপা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে। জাপা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। কোনো ভয়, লোভ বা মোহের কাছে জাপা মাথা নত করবে না। সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও বক্তব্য রাখেন।

পার্টির অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ।

৬ মার্চ আনন্দ দিবস

আগামী ৬ মার্চ জাতীয় সাংস্কৃতিক পার্টি ‘আনন্দ দিবস’ উদ্যাপন করবে। জাপার সদস্যরা দিনভর এ আনন্দ আয়োজনে অংশ নেবেন।

ইত্তেফাক/এএএম