চেন্নাই টেস্টে ফলো অন-বাঁচাতে লড়ছে ভারত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৪

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৭৮ রানের জবাবে চাপে রয়েছে স্বাগতিক ভারত। ফলো অন এড়াতে লড়াই করছে কোহলির দল। ৭৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।

চতুর্থ দিনের শুরুতেও রক্ষণাত্মক খেলছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৮০ ওভারে ২৮৪ রান ৬ উইকেটের বিনিময়ে। ফলো অন এড়াতে ভারতীয় ব্যাটসম্যানদের আরও ৯৪ রান প্রয়োজন।

প্রথম ইনিংসে ৫৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। মাত্র ৬ রান করে ফিরেন ওপেনার রোহিত শর্মা।

এদিন ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তরুণ শুভমান গিল। ২৯ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হয়ে সাঝঘরে ফিরেন তিনি। ছুটি কাটিয়ে দলে ফেরা অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানেও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন।

মাত্র ১১ রান করে কোহলি ও রাহানে ১ রান করে ফিরেন। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ঘূর্ণিতে কাবু করেন ডম বেস। কোহলি-রাহানে ফিরলে রিশাভ পান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন পূজারা।

বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন পান্ত। তবে ১৪৩ বলে ৭৩ রানে পূজারা বেসের তৃতীয় শিকার হয়ে ফিরলে পান্তের সঙ্গে ১৪৫ বলে ১১৯ রানের বড় জুটিটি ভাঙে। পূজারার বিদায়ের পর দ্রুতগতিতেই রান তোলার চেষ্টা করেন পান্ত।

কিন্তু ৮৮ বলে ৯১ রান করে বেসের বলে মারতে গিয়ে জ্যাক লিচের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতীয় উইকেটকিপার। এরপর শেষ বিকালে আর কোনো উইকেট পড়তে দেননি ওয়াশিংটন সুন্দর ও রবিনচন্দ্রন অশ্বিন। চতুর্থ দিনে তারা এখন পর্যন্ত অপরাজিত আছেন। ওয়াশিংটন করেছেন ৫৩ এবং অশ্বিন করেছেন ১৫ রান।

ইত্তেফাক/টিআর