গত বছরের আগস্ট থেকে আটক রাখার পর অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে চীন। তার বিরুদ্ধে বিদেশিদের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তার আইনি অধিকারের সুরক্ষা দেওয়া হবে।
গত ১৪ আগস্ট থেকে চীনে আটক রয়েছেন অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেই। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এই সাবেক উপস্থাপকের বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার মতো সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনে কর্তৃপক্ষ। গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, তারা আশা করছেন অস্ট্রেলিয়া এই সাংবাদিকের মামলায় হস্তক্ষেপ করবে না। তবে বেইজিংয়ে চেং লেইয়ের আটকের ঘটনায় বেশ কয়েক বার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়েন বলেছেন, ‘আমরা বিচারিক মান, প্রক্রিয়াগত স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে মানবিক আচরণ করা হবে বলে আশা করছি। এই কঠিন সময়ে আমরা চেং লেই ও তার পরিবারের পাশে আছি।’
অস্ট্রেলিয়ার নাগরিক চেং লেই বেইজিংয়ে বসবাস করতেন। ইংরেজি ভাষার চীনা টেলিভিশন সিজিটিএনের বাণিজ্য সাংবাদিক হিসেবে খ্যাতি পেয়েছিলেন তিনি। আগস্টে আকস্মিকভাবে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যান তিনি। আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে নিজ বাড়িতে নজরবন্দি রাখা হয়েছিল।
