সিলেট বিভাগের বিভিন্ন স্থানে র্যাব-৯ এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন শীর্ষ সন্ত্রাসী আটক হয়। আটককৃতরা হলো- মোঃ আব্দুল কুদ্দুস (৩২), নূর মিয়া (৪০) ও সন্ত্রাসী লিলু মিয়া (৪২)।
রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে র্যাবের একটি দল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে আটক করে। আটকের সময় কুদ্দুসের কাছ থেকে ১ হাজার ৬৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৪ হাজার ৬৫০ টাকা, ১২টি বড় ছোরা, ৫টি ছোট ছোরা, ১টি পিস্তল, ৫৮টি কার্তুজ খোসা, ৬টি হেলমেট ও ৩১ টি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করে র্যাব। আব্দুল কুদ্দুস সন্ত্রাসী কার্যক্রম চালাতো বলে জানায় র্যাব।
র্যাবের অপর একটি দল সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা সদরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভারসহ শীর্ষ সন্ত্রাসী নূর মিয়া (৪০)-কে আটক করেছে। র্যাবের পৃথক আরেকটি অভিযানে সোমবার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বড়কাপন এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল জব্দসহ আরেক শীর্ষ সন্ত্রাসী লিলু মিয়া (৪২)-কে আটক করা হয়।
আটকৃতদের মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব থেকে জানানো হয়।
ইত্তেফাক/এসসিএস
