সামাজিকতা কতটুকু?

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

সামাজিক মাধ্যমে সামাজিকতা দিন দিন প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মাধ্যমগুলোতে বিভিন্ন পন্থায় অর্থ আয় করা যায়। তার মধ্যে একটি হচ্ছে ভিডিও কনটেন তৈরি ক’রে। সেই কনটেনগুলো দুটি ভাগে ভাগ করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা— সমাজিক কনটেন ও অসামাজিক কনটেন।

বিশ্বের প্রায় সব দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। এই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে বৈধপথে লাখ লাখ টাকা আয় করছে। কিন্তু ইদানীং বিভিন্ন কুচক্রের আনাগোনা বেশ  দেখা যায়। তারা এটাকে তাদের আয়ের অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। অবশ্যই মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে। আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছে নানা উপায়ে। দিন দিন এদের সংখ্যা বাড়ছে। কিছু কনটেন ক্রিয়েটর অসামাজিক ভিডিও, ওয়েব সিরিজ ইত্যাদি তৈরি করে খু্বই সাড়া পাচ্ছে। আয়ও হয় প্রচুর। ফলে আমাদের দেশে এধরনের কনটেন নির্মাণে ঝুঁকছে অনেক তরুণ। যদি লক্ষ করা হয়—কোনো একটি সামাজিক বা ভালো বিনোদনমূলক অনুষ্ঠানে অনলাইনে এত ভিউ হয় না, যতটা অসামাজিক কনটেনগুলোতে হয়। আরো একটি বিষয় হচ্ছে ভুয়া খবর বা তথ্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা। কিছু কিছু লোক না বুঝেই সেগুলো শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমগুলো কুচক্র মহলের একটি বড় আস্তানা। এসব কঠোর হাতে নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক অবক্ষয়ের বিস্তারকে উত্সাহিত করা হবে।

তুহিন ভূইয়া

শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা