আমাদের দেশে মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে সিলিন্ডার গ্যাসের চাহিদা। শহর এলাকাতেও যথাসময়ে লাইনে গ্যাস না থাকায় মানুষ সিলিন্ডার গ্যাসের দিকেই বেশি ঝুঁকছে। জ্বালানি বিভাগসূত্র অনুযায়ী, ২০০৮-২০০৯ অর্থবছরে দেশে এলপিজি ব্যবহার হয়েছে ৪৪ হাজার ৯৭৪ মেট্রিক টন। বর্তমানে এ চাহিদা ৮ লাখ ২৫ হাজার টন ছাড়িয়েছে। চাহিদার সঙ্গে বেড়েছে প্রতারণাও। বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে না দেওয়ায় প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। নিত্যপ্রয়োজনীয় প্যাকেটজাত সমস্ত পণ্যের গায়ে মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও এলপিজি গ্যাস সিলিন্ডারের গায়ে সেটা থাকে না। ফলে গ্রাহকরা ঠিক দামে গ্যাস কিনতে পারেন না। তাঁরা অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে প্রতারিত হন। এ অবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কাম্য।
মো. তারিফ হাসনাইন রাকিব
শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা
